(১২ জুন ২০১২) মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিল এমপি বলেছেন, দুস্থ ও গরিব রোগীদের কল্যাণে ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক চ্যারিটেবল হাসপাতাল প্রতিষ্ঠা করবে। এ জন্য এখন প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তিনি গতকাল সোমবার দুপুরে শহরের এসএসকে রোডের ফেনী কমিউনিটি সেন্টারে মার্কেন্টাইল ব্যাংক আয়োজিত গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সমাবেশে আবদুল জলিল আরো বলেন, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবীদের শিক্ষাবৃত্তি, অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সমাজের বিশিষ্ট জনদের সম্মাননা দেওয়া হচ্ছে, অটিস্টিক শিশুদের কল্যাণে অনুদান দেওয়া হচ্ছে। তিনি ব্যাংকের বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ভবিষ্যতে আমরা আরো ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী নানা কর্মসূচি নিয়ে আপনাদের সামনে আসব।
ব্যাংকের জোনাল হেড নন্দদুলাল ভট্টাচার্যের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হুমায়ূন কবির খোন্দকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান আ ক ম সাহিদ রেজা, পরিচালক আকরাম হোসেন হুমায়ূন, ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী। বক্তব্য দেন সিনিয়র আইনজীবী আকরামুজ্জামান, হাফেজ আহাম্মদ, উপজেলা চেয়ারম্যান একরামুল হক প্রমুখ।
