(২৬ জুন ২০১২)ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টা ও দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরের আলিনগর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ভ্যানের অজ্ঞাত পরিচয় হেলপার (২৫) ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের।
অন্যদিকে, মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার দাগনভূঁঞা পৌরসভার বসুরহাট সড়কের লাল মসজিদ এলাকায় আবুদাবী প্রবাসী সাইফুল ইসলাম সুমন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নোয়াখালী থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত যুবক দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে কালা মিয়ার ছেলে।
দাগনভূঞা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
