দাগনভূঞায় বস্তাভর্তি প্রায় ১ কোটি ছেঁড়া টাকা উদ্ধার।


(৪ জুন ২০১২) ফেনীর দাগনভূঞায় বস্তাভর্তি প্রায় ১ কোটি ছেঁড়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ফেনী-দাগনভূঞা সড়কের সালামনগর ব্রীজের নিচ থেকে ৫০ কেজি ওজনের পোল্টিফিড বস্তায় বেশ কিছু ছেঁড়া / কাটা টাকা দেখতে পায় এলাকাবাসী। এসময় স্থানীয়রা বস্তাটি খুলে তার ভিতর ৫ শত, ১ শত ও ৫০ টাকার ছেঁড়া নোট দেখে সবাই কাড়াকাড়ি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বস্তা সহ অবশিষ্ট টাকা উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত টাকাগুলো নকল (জাল) নয়। এ বস্তায় আনুমানিক ১ কোটি টাকা থাকতে পারে। কেউ অবৈধ টাকাগুলো সরাতে না পেরে ছিঁড়ে টুকরো টুকরো করে বস্তা ভরে ফেলে দেয় বলে ধারনা করা হচ্ছে ।দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, স্থানীয় টোকাইদের কাছ থেকে কিছু ছেঁড়া (৫ কেজির মতো) টাকা উদ্ধার করেছে পুলিশ। ছেঁড়া টাকা গুলো পাওয়ার ঘটনা রহস্যজনক। বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে।