(১১ জুন ২০১২) ফেনীর পরশুরামে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে রোববার বিলোনিয়া স্থলবন্দর সড়কসহ কয়েকটি সড়ক অবরোধ করে এলাকাবাসী।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অবরোধের ফলে পরশুরাম বাজারের দোকানপাপ ও যানবাহন চলাচল চার ঘণ্টা বন্ধ ছিল।
সূত্র জানায়, পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছিন শরীফের নেতৃত্বে স্থানীয় লোকজন প্রথমে পল্লী বিদ্যুত পরশুরাম উপজেলা অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরপর বিক্ষুদ্ধ এলাকাবাসী বিলোনিয়া স্থলবন্দর সড়কের পরশুরাম বাজারের সোনালী ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোদ করা হয়।
বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা পরশুরাম বাজারের হাসপাতাল ও ডাকবাংলো এলাকাসহ চারটি স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। অবরোধকারীদের অভিযোগ, পরশুরাম উপজেলায় প্রতিদিন গড়ে দুই-এক ঘণ্টার বেশি বিদ্যুত সরবরাহ করা হয় না।
পরে বেলা আড়াইটার দিকে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়াছিন শরীফের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহাম্মদ খান, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চেীধুরী সাজেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস ও পল্লী বিদ্যুতের ফেনীর জেনারেল ম্যানজার (জিএম) প্রকেীশলী সাইদুল ইসলাম বৈঠক করেন।
ওই বৈঠকে দিন-রাতে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পল্লী বিদ্যুতের ফেনীর জেনারেল ম্যানজার (জিএম) প্রকৌশলী সাইদুল ইসলাম বলেন, ‘চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন না থাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে’।
তিনি জানান, উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস জানান, বর্তমানে পরিস্থিতি শান্তা রয়েছে।
