(০১ জুন ২০১২) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি তৈলবাহী লরীর মুখোমুখি সংঘর্ষে লরীচালক নিহত ও তার সহকারী আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি তৈলবাহী লরীর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তৈলবাহী লরীচালক মো. ইসমাইল হোসেন (২৮) ঘটনাস্থলে নিহত হয়েছে। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহাদাতপুর গ্রামের রফিক উল্লার ছেলে। এ সময় লরীর হেলপার মিস্টার মিয়া (২৫) গুরুতর আহত হয়। তাকে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে এবিনিউজকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

