(২০ মে ২০১২) ফেনী সরকারী কলেজের ৯০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের আনন্দ কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তণ ছাত্র ও কার্যকরী কমিটির পক্ষে আবদুর রহিম রিয়েল। এছাড়া বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান বি.কম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, সদর উপজেলা সভাপতি এডভোকেট সৈয়দ মিজানুর রহমান, উদ্যাপন কমিটির অর্থনীতি বিভাগের সমন্বয়কারী শিপন বিশ্বাস। মতবিনিময় সভায় আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুদিন ব্যাপী পূর্তি অনুষ্ঠানের সিদ্বান্ত গৃহীত হয়। এখানে নবীন-প্রবীনের মিলনমেলায় ৩০ হাজার ডেলিগেট থাকবে বলে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে। ২৫ মে থেকে কলেজ ক্যাম্পাস, পৌরসভা মার্কেট ৩য় তলা ও রাবি কমপ্লেক্সের ৫ম তলা রেজিষ্ট্রেশন কার্যক্রম একযোগে শুরু হবে। মতবিনিময় সভায় ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী আগামী দু’দিনের মধ্যে ১০ লাখ টাকা ব্যায়ে ফেনী সরকারী কলেজের গেইট ও ১৫ লাখ টাকা ব্যায়ে কলেজের শহীদ মিনার নির্মাণ কাজ শুরুর ঘোষনা দেন।

