সোনাগাজীতে ১২ লক্ষাধিক টাকার চিংড়ি পোনা ছিনতাই ছাত্রলীগকর্মী গ্রেফতার

(২১ মে ২১০২) সোনাগাজী উপজেলার মতিগঞ্জ নামক স্থানে শনিবার রাতে খুলনাগামী পিকআপ ভ্যান ভর্তি চিংড়ি পোনা সংঘবদ্ধ ছিনতাইকারীরা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ রিয়াদ নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ ও পোনা ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শনিবার রাতে সোনাগাজী মুহুরী প্রজেক্টের চিংড়ি পোনা ব্যবসায়ীরা একত্রিত হয়ে সংগৃহীত খুলনা চালান করার উদ্দেশ্যে একটি পিক-আপ ভ্যান ভাড়া করে। পরে ব্যবসায়ীরা গাড়িতে ৮টি পাতিলে ৬৪ হাজার চিংড়ি পোনা ভর্তি করে নুর করিম নামের অপর এক ব্যবসায়ীর মাধ্যমে খুলনার উদ্দেশ্যে চালান করে। গাড়িটি উপজেলার মতিগঞ্জ বাজার এলাকায় আসলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারীরা গতিরোধ করে চালক ও পোনার মালিকদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পকেটে থাকা মোবাইল, ঘড়ি, নগদ টাকা ছিনিয়ে নিয়ে গাড়ী থেকে নামিযে দেয়। ছিনতাইকারীরা নির্বিঘেœ চালককে দিয়ে পোনা ভর্তি গাড়িসহ মিরসরাই উপজেলার মেহেদীনগর এলাকায় অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মালিকরা বিষয়টি সোনাগাজী থানা পুলিশকে জানান এবং তারা চতুর্দিকে পোনা ও গাড়ির খোঁজ নিতে থাকলে জানতে পারে পোনা নিয়ে ছিনতাইকারীরা গাড়িসহ মেহেদীনগরে অবস্থান করছে। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির একদল পুলিশ মেহেদী নগর থেকে গাড়িসহ পোনাগুলো উদ্ধার করে। এ সময় গাড়ির ভিতরে থাকা সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের নুরুল হক মুক্তারের ছেলে স্থানীয় ছাত্রলীগ কর্মী আমিনুল হক প্রকাশ রিয়াদ (২২) কে আটক করে মিরসরাই থানায় নিয়ে যায়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ গতকাল রবিবার সকালে উদ্ধারকৃত ছিনতাই হওয়া গাড়ি (ফেনী-ন-১১-০৩২৪ ) পোনা ও আটককৃত রিয়াদকে দুপুরে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত পোনার দাম ১২ লাখ ২৩ হাজার ৬শ’ টাকা বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত রিয়াদকে গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর দিকে মাছ ও গাড়ি ছিনতাইয়ের ঘটনায় চিংড়ি ব্যবসায়ী সুজাপুর গ্রামের নুর করিম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় আমিনুল হক প্রকাশ রিয়াদ (২২) চরগণেশ গ্রামের আবদুল মোতালেবের ছেলে পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুনের ছোট ভাই শেখ সুমন (২৯) পূর্ব তুলাতলী গ্রামের লিয়াকত আলী মেম্বারের ছেলে সুমন (২৩) একই গ্রামের শেখ ফরিদের ছেলে শেখ লিপ্টন (৩৪) সহ অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ব্যবসায়ীরা আরও জানান, ছিনতাইকারীরা ছাত্রলীগ ও যুবলীগের কর্মী হওয়ায় পুলিশকে মামলা নিতে হিমশিম খেতে হয়েছে। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য নেতাকর্মীদের চাপের মুখে ব্যবসায়ীরা আতংকে রয়েছেন। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পোনা ও গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের এজাহার অনুযায়ী দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।