ফেনীতে সোয়া কোটি টাকার মালামালসহ কাভার্ড ভ্যান ছিনতাই

(২২ মে ২০১২) ফেনীতে এক কোটি পঁচিশ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার সমিতিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে একটি কাভার্ডভ্যান ময়মিনসিংহের ভালুকার জামিরদিয়ার মেসার্স ক্রাউন ওয়্যারস (প্রাইভেট) লি. এর ৮৪ রোল কাপড় ও গাজীপুরের জয়দেবপুর বাজার এলাকার চান্দনার স্প্যারো অ্যাপারেলস লি. এর ৪২ রোল কাপড় ও অন্য দুইটি প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

রোববার গভীর রাতে এক দল দুর্বৃত্ত গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি থামায়। এরপর চালক ও হেল্পারকে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। নিয়ে যাওয়া গাড়িতে থাকা মালামাল গুলোর মূল্য- ১ কোটি ২৫ লাখ টাকার অধিক হবে বলে স্প্যারো অ্যাপারলেস লি. এর এমডি শোভন ইসলাম জানিয়েছেন।

ব্যাপারে মঙ্গলবার সকালে বাদী হয়ে ফেনীর ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শোভন ইসলাম।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে কুষ্টিয়ার কুমারখালীর খুরজাহান আলীর ছেলে খায়বার আজিজ শেখ (৫০) ও একই এলাকার মৃত ফরিজাহান শেখের ছেলে রাসেলকে (৩০) আটক করা হয়েছে। মালামালসহ গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

একই কথা জানিয়েছেন ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ। তিনি জানান, এ ঘটনার সংঙ্গে গাড়িরর চালক জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাকেও আটক করা হয়েছে।