(২৪ মে ২০১২) ফেনীতে এক কোটি ২৫ লাখ টাকার মালামালসহ ছিনতাই হওয়া কাভার্ডভ্যান ৩ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
গাড়ি চালক ও তার সহযোগী ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও কাউকে আটক করতে পারেনি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রশাসনের এ ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন ছিনতাই হওয়া মালামালগুলোর একাংশের মালিক স্প্যারো অ্যাপারলেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম।
তিনি জানান, কাপড়ের রোলগুলো দিয়ে পোশাক তৈরি করে আগামী জুন মাসের ৬ তারিখের মধ্যে আমেরিকা পাঠানোর কথা রয়েছে। যথাসময়ে সেখানে পোশাক পাঠাতে না পারলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে।
রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া এলাকায় সমিতি বাজার এলাকায় কাভার্ডভ্যানসহ মালামালগুলো ছিনতাই হয়।
চট্টগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যান গাড়ি ময়মিনসিংহের ভালুকার জামির দিয়ার মেসার্স ক্রাউন ওয়্যারস (প্রাইভেট) লিমিটেডের ৮৪ রোল কাপড় ও গাজীপুরের জয়দেবপুর বাজারে চান্দনার স্প্যারো অ্যাপারলেস লিমিটেডের ৪২ রোল কাপড় ও অন্য দু’টি প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
রাত ২টার দিকে দুবৃর্ত্তরা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি থামায়। চালক ও সহযোগীকে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে মঙ্গলবার সকালে শোভন ইসলাম বাদী হয়ে ফেনীর ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ প্রসঙ্গে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাভার্ডভ্যান চালক কুষ্টিয়ার কুমারখালীর খুরজাহান আলীর ছেলে খায়বার আজিজ শেখ (৫০) ও তার সহযোগী একই এলাকার মৃত ফরিজাহান শেখের ছেলে মো: রাসেলকে (৩০) আটক করা হয়েছে। মালামালসহ গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, এ ঘটনার সংঙ্গে গাড়ির চালক জড়িত থাকতে পারে বলে সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এসপি বলেন, “আশা করছি, মালামালসহ গাড়িটি উদ্ধার করা যাবে।”
