ফেনীতে স্বাদের ফলে বিষ!

(২৪ মে ২০১২) শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো আম, কাঠাল, আনারসে সয়লাব হয়ে গেছে ফেনী শহরসহ পুরো জেলা। পাকা আমের মোহনীয় রং দেখে শখ করে কিনলেও অনেকেরই জানা নেই এটি ক্যালসিয়াম কার্বাইড ও সোডিয়াম কার্বাইড মিশিয়ে পাকানো। এমনকি কলাতেও এসব ক্ষতিকর দ্রব্য মেশানো হচ্ছে অহরহ। ফেনীর বৃহৎ ফল বাজার হাজী নজির আহম্মদ ফল মার্কেট, মহিপালের বিভিন্ন আড়ৎ, ট্রাংক রোড়, রেল ষ্টেশন সংলগ্ন আড়ৎ ও গোডাউন কোয়ার্টার এলাকা থেকে এসব ফল পাকিয়ে বিপনন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীর আম, রামগড়ের কাঠাল ও খাগড়াছড়ির পাহাড়ি আনারসের আকর্ষনীয় কথার ফুলঝরি দিয়ে বিক্রি করছে দোকানীরা। প্রতিদিনই ট্রাকবোঝাই ফল বিভিন্ন অঞ্চল থেকে এনে ক্যালসিয়াম কার্বাইড ও সোডিয়াম কার্বাইড মেশানো হয়। পরে পচন থেকে রক্ষা করতে ক্ষতিকর ফরমালিনও মেশানো হয়। ব্যবসায়ীদের এমন প্রতারণার ফলে ভোক্তারা যে শিকার হচ্ছেন রাসায়নিক বিষক্রিয়ার এ খবর অনেকেরই অজানা। প্রশাসনের নির্লিপ্ততায় এসব অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম ক্রমেই বেড়েই চলছে। তবে ব্যবসায়ীরা বলেন, তাদের কিছুই করার নেই, কিনে আনার সময়ই এসব ফলে ফরমালিন মেশানো থাকে। শুধু আম নয় সব রকমের ফলে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয়। এক ক্রেতা জানান, কোন ফলে যেন রাসায়নিক দ্রব্য প্রয়োগ কিংবা বাজারে বিক্রয় করতে না পারে সে ব্যাপারে অভিযান পরিচালনা করতে হবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফল কোন ভাবেই যেন বাজারে আসতে না পারে সেদিকে নজরদারী রাখতে হবে। ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আবদুল্লাহ আল মামুন জানান, এসব রাসায়নিক দ্রব্য খাওয়ার ফলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এছাড়া লিভার, কিডনি নষ্ট ও পাকস্থলীতে রাসায়নিক দ্রব্য জমে দীর্ঘমেয়াদী নানা জটিল রোগের আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলীম আখতার খান ফেনীর সময়কে জানান, পৌরসভা কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো ফল বাজারের বিক্রি বন্ধে শীঘ্রই অভিযান চালু করা হবে।