সোনাগাজীতে এক কলা গাছে ৬০টি থোড় !

(১ মে ২০১২) ফেনীর সোনাগাজী উপজেলা চর চান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামে এক কৃষকের নতুন বাড়িতে একটি কলা গাছে ৬০টি থোড় বের হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহেশ্চর গ্রামে কৃষক মিয়াধন (৬৫) দেড়বছর পূর্বে ছুবুরা খাতুন দাখিল মাদ্রাসার পূর্ব পাশে একটি বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের সময় তিনি বাড়ির চারপাশে পাড় তৈরী করে তাতে অনেকগুলো কলা গাছ রোপণ করেন। দেড়বছর রোপণকৃত অনেকগুলো কলাগাছের মধ্যে বাড়ির উত্তর পাশে একটি কলা গাছে গত কয়েকদিন পূর্বে একটি থোড় বের হয়। কিন্তু সেই থোড়টি থেকে গত ২-৩ দিনে একে একে ৬০টি থোড় বেরিয়ে আসে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই কলা গাছে থোড়গুলোকে এক নজর দেখার জন্য শুধু সোনাগাজী নয় ফেনীর বিভিন্ন উপজেলা থেকেও লোকজন এসে কলা গাছের থোড় দেখে ছবি তুলে নিচ্ছেন। এমনকি প্রতিনিয়ত শত শত উৎসুক জনতা কলার থোড়গুলোকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। কলাগাছের থোড় দেখতে যাওয়া সোনাগাজী পৌর শহরে শতরূপা টেলিকমের মালিক ফারুক হোসেন জানান, তিনি জীবনে কোনদিন কোথাও কোন কলা গাছে এতগুলো থোড় দেখেননি। চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন তার ইউনিয়নে একটি কলা গাছে এতগুলো থোড় দেখে অবাক হয়ে তিনি একে আল্লাহর অলৌকিক ঘটনা বলে আখ্যায়িত করেছেন।