ফেনীর সোনাগাজীতে বিএনপির মিছিলে যুবলীগের হামলা : পুলিশসহ আহত ২০

(২৯ এপ্রিল ২০১২) বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে সোনাগাজী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে ৭ পুলিশসহ যুবলীগ- যুবদলের অন্তত ২০ নেতা কর্মী আহত হয়েছে। এ সময় পুলিশের হাতে হকিস্টিক দেখা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে সোনাগাজী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে সোনাগাজী শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের পশ্চিম মাথায় কাশ্মীর বাজার সড়ক থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট এলাকায় পৌছলে পূর্ব পরিকল্পিত ভাবে যুবলীগ ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ৭ পুলিশসহ যুবলীগ- যুবদলের ২০ নেতা কর্মী আহত হয়।
আহতরা হচ্ছে সোনাগাজী মডেল থানার এসআই স্বপন বড়–য়া, এসআই মোহাম্মদ উল্যাহ, এএসআই নুরুল আমিন, পুলিশ কন্সটেবল আবুল হোসেন, জাকির হোসেন, নেপাল বড়–য়া, আকবর হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন রানা, যুবলীগ নেতা মানিক, খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভূঁঞা, উপজেলা যুবদলের সেক্রেটারী খুরশিদ আলম ভূঞা, যুবদল কর্মী জসিম উদ্দিন, ফকির আহাম্মদ, আবুল কাশেম, ইসমাইল হোসেন মাঈন উদ্দিন, সারওয়ার, নুর আলম, ইকবাল হোসেন, ইমরান হোসেন, তারেকসহ আরও বেশ কয়েকজন আহত হয়। যুবদল নেতারা অভিযোগ করেন পুলিশের সহযোগীতায় যুবলীগ ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে তাদের অনেক নেতা কর্মীকে আহত করেছে। উপজেলা যুবদলের সেক্রেটারী খুরশিদ আলম জানান, বিএনপি ও যুবদলের উদ্যোগে যুবদলের বিক্ষোভ মিছিলে যুবলীগ ছাত্রলীগ হামলা চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের হামলায় অনেক নেতা কর্মী আহত হয়। এ ব্যপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল আরেফিনর জিজ্ঞাসা করলে তিনি উক্ত ঘটনায় কোন মন্তব্য করতে রাজি হননি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন বিএনপি ও যুবলীগের সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ হকিস্টিক ও লাঠি ব্যবহার করে। এ সময় উভয়ে দলের হামলায় বেশ কয়েকজন পুলিশ সামান্য আহত হয়েছে। পুলিশ হকিস্টিক ব্যবহার করতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন উদ্ধতন কর্তৃপক্ষ লাঠির পাশাপাশি হকিইস্টিক ব্যবহারের অনুমতি দিয়েছে।