(২৮ এপ্রিল ২০১২) ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হোমিওপ্যাথিক চট্টগ্রাম বিভাগীয় উদযাপন পরিষদের উদ্যোগে ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৭তম জন্মজয়ন্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপলক্ষে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এসব কথা বলেন।
ফেনী হোমিও প্যাথিক ডক্টরস ওয়েলফেয়ার এসোসিয়শনের সহযোগীতায় গতকাল শুক্রবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথি চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান ডা. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামপদ দে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় ডা. স্যামুয়েল হ্যানিম্যান জন্মজয়ন্তী উদযাপন পরিষদ ফেনীর সদস্য সচিব ডা. মো. শহীদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ ইলিয়াছ, ডা. ইমরুল কায়েস, শেখ মো. ইফতেখার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে হোমিওপ্যাথিক ডাক্তারদের সাত দফা দাবির সঙ্গে সঙ্গতি রেখে বলেন, আগামী বাজেটে হোমিওপ্যাথিক শিক্ষদের বেতন-ভাতা বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
বক্তারা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮তম জন্মজয়ন্তী আগামী বছর খাগড়াছড়ি অনুষ্ঠিত হবে বলে জানান। এ সময় চট্টগ্রাম বিভাগের হোমিওপ্যাথিক ডাক্তার, সাংবাদিক, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

