চেম্বার অব কমার্সের নির্বাচন, ঢাকা মিশন শেষে পুরোদমে প্রচারণায় নেমেছে কাজমী প্যানেল

(২২ সেপ্টেম্বর ২০১১) ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল রকিব কাজমীর নেতৃত্বাধীন প্যানেল মঙ্গলবার দিনভর শহরে ব্যাপক গণসংযোগ করেছে।
পরিচালক প্রার্থীদের মধ্যে অধিকাংশই এ সময় প্যানেল নেতার সাথে ছিলেন। তারা পোস্ট অফিস রোড ও একাডেমী এলাকায় ভোটারদের দেখা করে প্যানেল পরিচিতি তুলে ধরেন এবং নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,প্রশাসক নিয়োগ ঠেকাতে এবং চলতি তফসিলে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে আবদুল রকিব কাজমীসহ প্যানেলের প্রার্থীরা শনি ও রবিবার ঢাকায় অবস্থান করেন। তারা প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিমসহ ফেনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাত করেন।
এছাড়া বাণিজ্যমন্ত্রণালয়েও তদ্বির করেছেন কাজমী ও তার প্যানেলের প্রার্থীগণ। ওই মিশনে ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ সাইফুর রহমান সাইফু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মজুমদার,ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনুর রশিদ মিলনও অংশ নেন। এখনও দ্বিধাদ্বন্ধে শেখ নুরুল আলম প্যানেল।
চলতি তফসিল অনুযায়ী আগামী ১ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে এখনও দ্বিধাদ্বন্ধে রয়েছে সাবেক সভাপতি শেখ নুরুল আলম এর নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা। নুরুল আলমের প্রার্থীতা বাতিল, প্রশাসক নিয়োগ নিয়ে গুঞ্জন সহ নানা বিষয় নিয়ে ওই প্যানেলের প্রার্থীদের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে। তবে থেমে থেমে প্রচারণাও চালাচ্ছেন প্রার্থীরা।
একাধিক প্রার্থীর সাথে আলাপ করে জানা গেছে,প্রশাসক নিয়োগ নিয়ে বিভ্রান্তি কিছুটা কাটলেও নুরুল আলমের প্রার্থীতা নিয়ে এখনও দ্বিধাদ্বন্ধে রয়েছে। বাতিলের আদেশ প্রত্যাহার করে প্রার্থীতা পুনর্বহাল করতে নুরুল আলম নানাভাবে চেষ্টা তদ্বির করলেও তা কতটা সফল হবে এ নিয়ে সন্দেহ রয়েছে ওই প্যানেলের। চেম্বার নির্বাচনের আপীলবোর্ড নুরুল আলমের প্রার্থীতা বাতিল করলেও তার ছবি দিয়েই প্রচারণা চালাচ্ছে ওই প্যানেল। এতে ভোটারদের মনেও বিভ্রান্তি রয়েছে। অন্যদিকে খোদ প্যানেল প্রধান নির্বাচনী মাঠে সক্রিয় না থাকায় অপরাপর প্রার্থীদের মাঝে কিছুটা হতাশা রয়েছে।
অবশ্য একাধিক প্রার্থী জানান,তার ছেলে শেখ নুরুল আজগর এর বিয়ে নিয়ে গত ক’দিন ব্যস্ত ছিলেন নুরুল আলম। আর আক্দ শেষে নুরুল আজগরকে দ্রুত ফেনী পাঠিয়ে তিনি ঢাকায় থেকে যান। ফেনী আসার কথা থাকলেও গতকাল মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি পৌঁছেননি।