সোনাগাজীতে গণপিটুনিতে ২জন নিহত, আহত ২

(৯ সেপ্টেম্বর ২০১১) ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২জন নিহত ও আরও ২জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সোনাগাজীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাহাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে মাহাদিপুর গ্রামে ১০/১২জন অপরিচিত যুবক ঘোরাফেরা করছিল। এলাকাবাসী তাদের ডাকাত সন্দেহ করে পরিচয় জানার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে বাকবিত-া শুরু হয়।

অপরিচিত যুবকদের মধ্যে থেকে একজন স্থানীয় এলাকার এক ব্যক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদের ধাওয়া করে।

এ সময় অন্যরা পালিয়ে গেলও ৪জনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এর মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা গেলে এলাকাবাসী তাদের পার্শ্ববর্তী ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের দৌলতপুর বড় ঈদগাহ নামক স্থানে ফেলে যায়।

ফেনী মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হচ্ছে- সোনাগাজী থানার আহম্মদপুর ইউনিয়নের মধ্যম গ্রামের আবুল হাশেমের ছেলে আরিফ (২৫) ও ফুলগাজীর থানার হাবিব উল্যাহর ছেলে লিটন (৩৩)।

তাদের ফেনী সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ডাকাতদের লাশ শুক্রবার সকাল ১০টার দিকে উদ্ধার করে পুলিশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।