ফেনী নদীর পানি বন্টন চুক্তি হলে বিশাল এলাকা মরম্নভূমিতে পরিণত হবে - ফেনীতে সংবাদ সম্মেলনে বক্তারা

(৭ সেপ্টেম্বর ২০১১) ফেনীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, ফেনী নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হলে ফেনী ও মিরসরাইয়ের বিশাল এলাকা মরুভূমিতে পরিণত হবে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তরায় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন আয়োজন কারীরা। চুক্তি হলে আগামীতে বড় ধরণের আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলেও তারা হুমকি দেন। এতে লিখিত বক্তব্য পড়েন ফেনী জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী। বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় সদস্য এনামুল হক, ফেনী খাগড়াছড়ি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও সামাজিক সংগঠন চেতনার উপদেষ্টা নাসির উদ্দিন খোকন। বক্তারা বলেন, এ চুক্তি হলে ভারত স্লুইসগেট নির্মাণ করে অন্যান্য নদীর মতো ফেনী নদী থেকেও অতিরিক্ত পানি তুলে নিয়ে যাবে। ফলে ফেনী জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও মিরসরাইসহ বিশাল এলাকা পানিশূন্য হয়ে এ অঞ্চলের কৃষকরা নিঃস্ব হয়ে পড়বে। তারা চুক্তি না করতে প্রধানমন্ত্রী বরাবরে আবেদন জানান।