ক্রোক মালামাল ফিরে পেলেন জয়নাল হাজারী

(১৮ আগষ্ট ২০১১) আদালতের নির্দেশে নিজের ব্যবহৃত মালামালগুলো ১০ বছর পর ফেরত পেলেন ফেনীর সাবেক এমপি জয়নাল আবেদীন হাজারী। মামলার আদেশের সূত্রে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে তিনি পুলিশ কর্তৃক জব্দকৃত গাড়িসহ ২৪৪টি বিভিন্ন ধরনের আসবাবপত্র ফেরত পান।

আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০০১ সালের ১৬ আগস্ট রাতে প্রশাসনের গ্রেপ্তার অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান জয়নাল হাজারী।

ওই বছরের ১৭ আগস্ট দায়ের করা একটি অস্ত্র মামলায় হাজির না হওয়ায় আদালত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর ফেনী শহরের মাস্টারপাড়ার শৈলকুটির নামে নিজস্ব বাসা থেকে মামলামাল ক্রোক করার আদেশ দেন।

পরে ২০০২ সালের ২৩ মার্চ পুলিশ মাস্টারপাড়াস্থ হাজারীর বাসভবন থেকে তার ব্যবহৃত ১টি পাজেরো জিপ, একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস, ৩টি মোটর সাইকেল, ফ্রিজ, এসি, খাট, আলমিরা, সোফাসেট, টিভিসহ যাবতীয় আসবাবপত্র ক্রোক করে নিয়ে আসে।

 ক্রোক করা মালামালের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে তখন জয়নাল হাজারীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল।

মামলায় জয়নাল হাজারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ফেনীর একটি আদালত। ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশে ফিরেন আসেন জয়নাল হাজারী। আদালতে আত্মসমর্পণ করে আপিল করলে উচ্চ আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।

জয়নাল হাজারীর আইনজীবী ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সাজু বাংলানিউজকে জানান, উচ্চ আদালতের রেফারেন্সে ফেনী জেলা ও দায়রা জজ আদালত বুধবার উল্লেখিত ক্রোক মালামাল জয়নাল হাজারীকে ফেরত দেওয়ার আদেশ দেন।

ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, আদেশ পেয়ে বুধবার রাতে ২৪৪টি মালামালের মধ্যে ৩টি গাড়ি ও মোটরসাইকেল ছাড়া বাকি আসবাবপত্র বৃহস্পতিবার সকালে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম শাহজাহান সাজুর জিম্মায় আদালতের প্রয়োজনে পুণঃ দাখিলের শর্তে বুঝিয়ে দেওয়া হয়।