ফেনীতে দিনরাত ঈদের বেচাকেনা

(২৮ আগষ্ট ২০১১) জেলা শহর ফেনীতে ঈদের বাজার বেশ জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। এখানে গ্রামের মানুষ দিনের বেলায় আর শহরের ক্রেতারা সন্ধ্যারাতে বেশি কেনাকাটা করছেন। বিক্রিও বেশ ভালো বলে জানান বিক্রেতারা।
শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার, জুম্মা শপিং সেন্টার, তমিজিয়া মার্কেট; কলেজ রোড ও স্টেশন রোডের শহীদ হোসেন উদ্দিন বিপণিবিতান; ট্রাংক রোডের সুরত মহল সুপার মার্কেট, ফেনী প্লাজা, চৌধুরী প্লাজা, লতিফ টাওয়ার, রোকেয়া শপিং সেন্টার, হাজি ইব্রাহিম হোসেন মার্কেট, গুলশান মার্কেট, লাভ মার্কেট; শহীদ শহীদুল্লা কায়সার রোডের মহিপাল প্লাজা, গ্রিন টাওয়ার, জগন্নাথবাড়ী মার্কেট, সিটি মার্কেট, সমবায় সুপার মার্কেট, এফ রহমান এসি মার্কেট, নিউ সুপার মার্কেট, জামাল মার্কেট, রহমান মার্কেট, জগন্নাথবাড়ী রোড, আলী আহম্মদ টাওয়ার, আলম মার্কেট, দর্জিপট্টি, সওদাগরপট্টিসহ বিভিন্ন মার্কেটে জমজমাট বেচাকেনা লক্ষ করা যাচ্ছে।
অনেক ক্রেতাই অভিযোগ করেন, বিক্রেতারা এবার বিভিন্ন জিনিসের দাম গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি নিচ্ছেন। অন্যদিকে দোকানি বা বিক্রেতাদের দাবি হলো, তাঁদের বেশি দামে মালামাল কিনতে হয়েছে। সে জন্য তাঁরা বেশি দামে বিক্রি করছেন।
বিক্রেতারা জানান, এ বছর মেয়েরা শিলা, পাগলু ও মাছরাঙা; ছেলেরা জিনস প্যান্ট, ফিটিং টি-শার্ট ও শর্ট পাঞ্জাবি এবং নারী ও তরুণীরা জর্জেট, টিস্যু, দেশি জামদানি, সুতি, টাঙ্গাইল শাড়ি বেশি পছন্দ করছেন। জুতাও বেশ বিক্রি হচ্ছে। গরিব ও নিম্নবিত্তরা রাজাঝির দীঘিরপাড়ের হকারদের দোকানে কেনাকাটা করছেন।