ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচন : চমক দেখালেন নুরুল আলম !

(২৬ আগষ্ট ২০১১) সৌদি আরবে অবস্থান করেও ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়ে সবাইকে চমকে দিলেন শেখ নুরুল আলম। ২১ আগস্ট মনোনয়ন পত্র সংগ্রহ করে সৌদি আরব পাঠানো এবং একদিনের ব্যবধানে ২৩ আগস্ট সেই মনোনয়ন পত্র স্বাক্ষর করে সৌদি আরব থেকে ফেনী আসায় কেউই বিস্মিত না হয়ে পারেনি। নুরুল আলম প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি বিশেষ ব্যবস্থায় সৌদি আরব পাঠানো হয়েছে এবং দ্রুত তা ফেনী ফিরে এসেছে। ফেনী চেম্বারের সাবেক এই সভাপতি ওমরাহ পালনে পবিত্র মক্কা শরীফে অবস্থানরত থাকায় তার প্রার্থীতা নিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের কৌতুহল ছিল। কিন্তু শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে তিনি মনোনয়নপত্র জমা দিলেন। তবে তার স্বাক্ষর নিয়ে প্রতিদ্বন্ধী আবদুল রকিব কাজমী সমর্থিত প্যানেল সন্দেহ প্রকাশ করে আপত্তি তুলবে বলে সাংবাদিকদের জানালেও শেখ নুরুল আলমের ঘনিষ্ট সূত্র মনোনয়নপত্রে তার স্বাক্ষর বলেই নিশ্চিত করেছে।