শোক শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত : হক ভাইয়ের চিরবিদায়

(৬ আগষ্ট ২০১১) গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সবার প্রিয় হক ভাই। গতকাল শুক্রবার ৩টি পৃথক জানাযাশেষে শহরতলীর গোবিন্দপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাযাসমূহে শত শত মুসল্লি অংশগ্রহন করেন। দৈনিক ইনকিলাবের ফেনী অফিস প্রধান ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মো: আবদুল হক বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় শহরের ডায়াবেটিস হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের ঐতিহাসিক মিজান ময়দানে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,জেলা জামায়াতের আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী পৌরসভার প্যানেল মেয়র-১ মোসলেহ উদ্দিন হাজারী বাদল, ভাইস-চেয়ারম্যান হারুনুর রশীদ মজুমদার,শহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফারুক হারুন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রকিব কাজমী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহারসহ শত শত মুসল্লি জানাযায় অংশগ্রহন করে। জানাযা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ফেনী রিপোর্টার্স ইউনিটি, দৈনিক ফেনীর সময়, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ছাত্রদল। এরপর প্রেস কাবের সামনে অপর জানাযা শেষে কাবের কর্মকর্তারা মরদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। শেষ জানাযা অনুষ্ঠিত হয় ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ছিলোনীয়া ঈদগাহ ময়দানে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলতাফ হোসেন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি জানাযায় অংশ গ্রহন করেন। জানাযা শেষে নিজ বাড়ীর সামনে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।