ফেনীতে মলম পার্টি অর্ধলাখ টাকা লুটে নিয়েছে


(১৯ জুলাই ২০১১) ফেনীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চৌমুহনী শাখার ম্যানেজার শাহাবুদ্দিনের ৫০ হাজার টাকা লুট করেছে মলম পার্টির সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মহিপাল থেকে বাসে করে চৌমুহনী আসার পথে এ ঘটনা ঘটে।
শাহাবুদ্দিনের ছোট ভাই মনির উদ্দিন জানান, মঙ্গলবার সকালে তার বড়ভাই বাড়ি থেকে চৌমুহনীর উদ্দেশে রওয়ানা হন। দাগনভূঞাস্থ সুন্দরবন শাখা থেকে চৌমুহনী যাওয়ার পথে তিনি মলম পার্টির খপ্পড়ে পড়েন তিনি। এ সময় তার সাথে থাকা কোম্পানির ৫০ হাজারের অধিক টাকা মলম পার্টির সদস্যরা লুট করে। অজ্ঞান অবস্থায় বাসের লোকজন তাকে বসুরহাট টার্মিনালে নামিয়ে রাখে। পরে বসুরহাট বাস টার্মিনাল থেকে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফেনীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।