ওয়াপদা মাঠে বাণিজ্য মেলা নামেই আন্তর্জাতিক নিম্নমানের পন্য চড়া দামে বিক্রি

(১৩ এপ্রিল ২০১১) ফেনী শহরের এসএসকে রোডস্থ ওয়াপদা মাঠে ৩০ মার্চ থেকে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও এখানে নেই কোন বিদেশী প্যাভিলিয়ন বা স্টল। মূলতঃ মেলাটি চলছে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের নিয়ে। নামের সাথে বাস্তবতার মিল না থাকায় প্রতিদিনই ুব্ধ ও হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। এদিকে আয়োজক হিসেবে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র নাম থাকলেও মেলা পরিচালনা ও নিয়ন্ত্রণসহ কোন কাজে চেম্বারের সংশ্লিষ্টতা নেই বললেই চলে। তাই দর্শনার্থীদের মনে প্রশ্ন আসলে মেলা পরিচালনা কর্তৃপ কে ? মাস ব্যাপী মেলা চলার কথা শোনা গেলেও মেলা কত দিন চলবে এ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি সংশ্লিষ্টদের কাছ থেকে। মেলাতে শতাধিক স্টল রয়েছে। সে গুলোতে স্থান পেয়েছে শাড়ী, থ্রি-পিছ, জুতা, ব্যাগ, ইমিটেশন, প্রসাধনী, হস্তশিল্প, জেন্টস্ আইটেম, ফাস্টফুড ও ইলেকট্রনিক্স পণ্য। তবে স্টল গুলোতে ঘুরে দেখা যায়, জুতা, ব্যাগ, এমিটেশনসহ এ জাতীয় অন্যান্য পণ্যগুলো খুবই নিম্নমানের অথচ দাম চড়া। মেলাতে দর্শনার্থীদের আকৃষ্ট করতে শহরে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে প্রতিদিন। দিনের বেলায় দর্শনার্থী তেমন একটা না থাকলেও সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত দর্শনার্থীদের সমাগম থাকে। এদিকে সচেতন ক্রেতা ও দর্শনার্থীদের অনেকেই অভিযোগ করেন, মেলায় যেসব পণ্য রয়েছে তা মেলার স্টলের তুলনায় শহরের অন্যান্য মার্কেটে অনেকটাই সহজলভ্য ও দামে কম। দর্শনার্থী আলোকদিয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথা শুনে পরিবার ও প্রস্তুতি নিয়ে এসেছি কেনাকাটা করবো বলে কিন্তু এসে দেখি ভিন্ন পরিবেশ তাই ভালো লাগছেনা এবং হতাশ হয়েছি। আরেক দর্শনার্থী ফতেহ্পুরের আমিনুল হক জানান, ফেনীতে আন্তর্জাতিক মেলার নাম শুনে দেখতে এলাম কিন্তু বিদেশী স্টল না দেখে কিছু না কিনেই ফিরে যাচ্ছি।