স্বল্প ব্যয়ের হোমিও চিকিৎসার মাধ্যমে রুগ্ন মানুষের স্থায়ী চিকিৎসা সম্ভব --- প্রফেসর উৎপল কান্তি বৈদ্য
(২৫ এপ্রিল ২০১১)বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক বিজ্ঞানী হানেমানের ২৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃ কামদেব নাথ এর সভাপতিত্বে সম্পাদক ডাঃ ছওয়ার আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত রুগ্ন মানব সেবায় হোমিওপ্যাথিক চিকিৎসার অবদান শীর্ষক আলোচনা সভায় ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমরা আজ যে মানুষটির জন্মদিনে একত্রিত হয়েছি তিনি হলেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক বিজ্ঞানী হানেমান। জন্ম আজ থেকে ২৫৬ বছর পূর্বে জার্মানী হলেও তার বসবাস সারা পৃথিবীর রুগ্ন মানুষের অন্তরে। কারণ তিনি এখন পর্যন্ত একমাত্র ব্যক্তি যে রুগ্ন মানুষের জন্য সহজ উপায়ে অপেক্ষাকৃত অল্পসময়ে বিনা কষ্টে স্বল্প ব্যয়ে স্থায়ীভাবে চিকিৎসার সফল পদ্ধতি আবিস্কার করে দিয়ে গেছেন। যার ফল হিসেবে পৃথিবীর লাখ লাখ মানুষের অধিকাংশ দুরারোগ্য ও জটিল রোগে স্থায়ী চিকিৎসা স্বল্প ব্যয়ে হোমিওপ্যাথিকে পাচ্ছেন। ফেনী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা সরকারী হোমিওপ্যাথিক ডিগ্রী কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডঃ গুরুদাস সরকার, চট্টগ্রাম আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ গাজী গোলাম মোহাম্মদ, ডাঃ হাসান ইকবাল, ডাঃ বিপ্লব সরকার, ডাঃ জসিম উদ্দিন রাখী, ডাঃ বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
Labels:
স্বাস্থ্য কথা

