ফেনীতে ইউনিপেটুইউ’র বিনিয়োগ বন্ধ ॥ আমানত নিয়ে গ্রাহকদের উৎকন্ঠা

বিতর্কিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানী ইউনিপেটুইউতে বিনিয়োগকারী ফেনীর কয়েক হাজার গ্রাহক রয়েছে চরম উৎকন্ঠায়। গত দুই সপ্তাহ আগ থেকে কোম্পানীর গ্রাহকদের মাসিক মুনাফা দেয়া ও নতুন বিনিয়োগ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কোম্পানীর ফেনী শাখার উর্দ্ধতন কর্মকর্তারা এখন বেখবর। প্রতিদিন জেলা অফিসে মাসিক মুনাফার জন্য ভিড় জমাচ্ছেন। কিন্তু মুনাফার টাকা না পেয়ে তারা হতাশ হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন। হতাশাগ্রস্থ হাজার হাজার বিনিয়োগকারী এখন মুনাফার চিন্তা বাদ দিয়ে মূল আমানত নিয়ে রয়েছেন উৎকন্ঠায়। পথে বাসার উপক্রম হয়েছে বিনিয়োগকারীদের। এ প্রসঙ্গে ফেনী অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, গত ১৫/২০ দিন থেকে বিভিন্ন মিডিয়ায় নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় নতুন বিনিয়োগকারী নাই বললেই চলে। আবার যারা পূর্বে বিনিয়োগ করেছেন তাদের মাসিক মুনাফার টাকা দেয়া কঠিন হয়ে পড়েছে। এ ভয়ে কেউ কোম্পানীর ডলার ক্রয় করতে আগ্রহী হচ্ছেনা। অন্য পরিচালক শরীফ উদ্দিন জানান- মূলত: আমরা প্রতি ডলার ৭০ টাকা হিসেবে বিক্রি করে থাকি কিন্তু বর্তমানে নতুন বিনিয়োগ বন্ধ থাকায় ৫৫ থেকে ৬০ টাকা ধরে বিক্রি করতে হচ্ছে। তাই অনেক গ্রাহক কে প্রাপ্য মুনাফা দেয়া যাচ্ছে না। সরেজমিন ঘুরে দেখা যায়, এই ঠকবাজ কোম্পানীটিতে বিনিয়োগকারীরা রয়েছেন চরম উৎকন্ঠায়। কখন জানি বন্ধ হয়ে যায় ওয়েবসাইটটি এমন আতংক সকলের চোখে মুখে। অনেক অপেক্ষায় আছেন কোন রকমে যেন মূল টাকা তুলে নেয়া যায়।