ফেনীতে মাসব্যাপী স্কুল ক্রিকেটের বর্ণাঢ্য উদ্বোধন

বিশ্বকাপকে সামনে রেখে ফেনীতে স্কুল পর্যায়ে ছাত্রদেরকে ক্রিকেটে অনুপ্রাণিত করতে উপজেলা পর্যায়ে স্কুল ক্রিকেটের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।‘ফেনীর ক্রিকেটে বাঘ আসছে,জাতীয় দল তোমায় ডাকছে’এই শ্লোগানকে সামনে রেখে ২৬ জানুয়ারী মঙ্গলবার ফেনীর পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে ফেনী প্রগ্রেসিভ লিংক(এফপিএল)-এর আয়োজনে মাসব্যাপী এ ক্রিকেট আসরের উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফ আহমেদ খান।

এসময় উপস্থিত ছিলেন এফপিএল’র চেয়ারম্যান আবদুর রকিব কাজমী,পরশুরাম পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক দিপ্তিলাল বাবু চৌধুরী,এফপিএল’র সভাপতি কামরুল হাসান, স্কুল ক্রিকেট ২০১১’র আহবায়ক শরিফুল ইসলাম অপু, ফেনী ছাত্র ও যুব সমিতির সমন্বয়ক আবদুল্লাহ হাসান প্রমুখ। উদ্বোধনী খেলায় পরশুরাম পাইলট হাই স্কুল ২ উইকেটে ধনিকুন্ডা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

উল্লেখ্য,ফেনীর ৬টি উপজেলা থেকে সর্বমোট ১৬ টি দল এই ক্রীড়া আসরে অংশগ্রহণ করছে। এর আগে প্রত্যেকটি উপজেলায় অংশগ্রহণকারীদের জন্য ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করা হয়।