ফুলগাজীর কিছু গ্রামে পানি থাকলেও ফেনী-পরশুরাম সড়কের অবস্থা স্বাভাবিক

(২৭ জুন ২০১২) অতিবৃষ্টি ও ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ী ঢলে ফেনীর মুহুরী নদীর বাদ ভেঙ্গে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হলেও পরশুরামের পানি নামতে শুরু করেছে। ফুলগাজীর কিছু কিছু গ্রামে বন্যার পানি থাকলেও ফেনী পরশুরাম সড়কে যান চলাচল শুরু হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাঙ্গন স্থানে পূণরায় কাজ শুরু হয়নি এখনও। এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
গত শনিবার রাতে ভারতীয় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে আকষ্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়। এতে ২০ হাজার মানুষ তিন দিন ধরে পানি বন্ধি হয়ে স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হয়। ফেনী-ফুলগাজী আঞ্চলিক সড়ক ৩ ফুট পানিতে তলিয়ে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক দুই দিন ধরে বন্ধ ছিল। বন্যায় বাড়ি ঘর, দোকান-পাট, স্কুল-মাদ্রাসা পানিতে ডুবে যায়। ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় রবিশস্য নষ্ট ও কোটি কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে।
গতকাল মঙ্গলবার ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার বন্যায় কবলিত ২ উপজেলা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৮ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন।