(২৫ সেপ্টেম্বর ২০১১) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ ও সহযোগী দুই ক্যাটাগরি বা শ্রেণীতে এবারে পরিচালকের ২৩টি পদের বিপরীতে ৪৮ জনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। প্রার্থীরা এরই মধ্যে ভোটারদের কাছে ভোট চাইতে শুরু করেছেন। এবারের নির্বাচনে ফেনী চেম্বারের সাবেক সভাপতি শেখ নুরুল আলম ও ব্যবসায়ী আবদুর রকিব কাজমীর নেতৃত্বে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সাবেক সভাপতি শেখ নুরুল আলমের প্রার্থিতা বাতিল হয়ে গেলেও তাঁর প্যানেল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। সাধারণ শ্রেণীতে পরিচালকের ১০টি পদের বিপরীতে ২২ জন এবং সহযোগী শ্রেণীতে ১৩টি পদের জন্য ২৬ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া পরিবহন মালিক গ্রুপের একটিমাত্র পদে জাফর উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কয়েকজন সরে দাঁড়ালে প্রার্থীর চূড়ান্ত সংখ্যা দাঁড়ায় ৪৮। এরই মধ্যে ভোটার পরিচয়পত্র বিতরণ করা শুরু হয়েছে, যা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
ফেনী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর। একই দিনে পরিচালকেরা তাঁদের মধ্য থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও দুজন কনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত হবেন।
