মহিপালে সড়কের করুণ দশা

(১১ আগষ্ট ২০১১) ফেনী মাইজদি সড়কের মহিপালে বেহাল দশা। নিত্য দুর্ভোগ-দুর্দশায় পড়তে হচ্ছে হাজার হাজার যাত্রীসাধারণের। সড়কের মহিপাল কেন্দীয় মসজিদ থেকে আনসার ক্যাম্প পর্যন্ত পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টির ফলে যান চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সিএনজি-অটোরিক্সাসহ ছোট যানবাহনের ক্ষেত্রে ঝুঁকি নিয়ে পার হতে হয়। ফেনী থেকে নোয়াখালী, লক্ষীপুরগামী যানবাহনের যাত্রীরা ক্ষতবিক্ষত এই সড়ক পার হওয়ার সময় গাড়ী গর্তে পড়লে চিৎকার দিয়ে উঠেন। সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের বড় অংশজুড়ে কাদা পানি জমে এমন হয়েছে যে দেখলে খালের মত মনে হয়। অবৈধ স্থাপনা ও বর্জ্য পড়ে সড়কের দু’ পাশের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। দীর্ঘদিন এ জলবদ্ধতা থাকার ফলে ধীরে ধীরে সড়কের পিচ উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয় বলে জানালেন স্থানীয় ব্যবসায়ীরা। ভুক্তভোগি একাধীক যাত্রী ও চালক জানান, এ সড়কের অনেক জায়গায় এমন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যে কোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারে।