(১৬ জুলাই ২০১১) ফেনীতে গত কয়েক দিনে মহিলাসহ ৯ মাদক
বিক্রেতাকে আটক করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার পৃথকভাবে তাদের আটক করা
হয়। এ মধ্যে ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, ফেনী জেলার গোয়েন্দা পুলিশের
একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি (সদর) মোহাম্মদ শাহনেওয়াজ খালেদের
নেতৃত্বে মঙ্গলবার রাতে ফেনী রেলওয়ে এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বেশ
কিছু গাঁজাসহ ৬ মাদক বিক্রেতাকে আটক করে। তারা হলো- রুবেল (৩০), পরিমল
চন্দ্র দাস (৩২), শহিদ উল্লা (৩৫), মোশারফ হোসেন (২৮), মফিজ (২৫) ও আফতাব
উদ্দিন (৩৫)। পরে ফেনী জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা
হলে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো
দির্দেশ দেন।
এদিকে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের
ভিত্তিতে এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল
ফতেহপুর রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ নারীকে ৪২ বোতল
ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে। তারা হলো- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর
থানার ওমাইপুর গ্রামের মোহাম্মদ আলমের স্ত্রী রহিমা বেগম (২৫) ও মৌলভীবাজার
জেলার শ্রীমঙ্গল থানার শান্তিবাগ গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শিউলী
বেগম (৪২)। পরে মাদক আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে তাদের
গ্রেফতার দেখানো হয়।
এছাড়া গত সোমাবার রাতে এএসপি (সদর) মো.
শাহনেওয়াজ খালেদের নেতৃত্বে ফেনী রেলওয়ে স্টেশন রোড এলাকা থেকে মাদক বিরোধী
অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা ফেনী রেলওয়ে কলোনির
বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী পাখি বেগমকে (৩৫) আটক করা হয়। পরে মাদক
আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়।
