ছাগলনাইয়া পৌরসভার ভোটগ্রহণ আজ মেয়র পদে আলমগীর-তাহের তীব্র লড়াই
(১২ জুন ২০১১) ছাগলনাইয়া পৌরসভার ভোটগ্রহন আজ। পৌরসভার প্রতিটি এলাকা প্রার্থীদের পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলেছে একটানা মাইকিং ও গণসংযোগ। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও বহিরাগতদের আনাগোনায় সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৬জন এবং সংরতি মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধি না থাকায় ৩নং সংরতি ওয়ার্ডে শাহেনা আক্তার বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মেয়র পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন বিএনপি সমর্থিত বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বিএ (মাইক), আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ওমর ফারুক (দেয়াল ঘড়ি), সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী (টেলিভিশন), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের বাবুল মজুমদার (তালা), আওয়ামীলীগ নেতা আবুল হাশেম চৌধুরী (আনারস), মাসিক হায়দার পত্রিকার সম্পাদক জিয়া হায়দার স্বপন (জাহাজ) এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়েজ আহাম্মদের ছোট ভাই মোঃ মোস্তফা (দোয়াত কলম)। সরেজমিন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী আলমগীর বিএ এর সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবু তাহের চৌধুরীর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। প্রতিদ্বন্ধী একাধিক প্রার্থীর অভিযোগ নির্বাচনকে সামনে রেখে বহিরাগত এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা সংঘবদ্ধ হচ্ছে। সবগুলো ভোট কেন্দ্র ঝুঁকির মধ্যে রয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৫হাজার ৮৫৩জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫১৮ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৩৩৫ জন।
Labels:
রাজনীতি

