সালাম আমাদের গর্ব,সালাম আমাদের অহংকার

যদি ফেনী জেলার কাউকে জিজ্ঞাসা করি যে ভাষা শহীদ সালামের বাড়ি কোথায়? সবাই বলে যে জানিনা ! উত্তরটা খুবই আশ্চার্য ও দুঃখজনক মনে হয়। ৬৪ টি জেলার মধ্যে যে কয়েকজন ভাষা শহীদ রয়েছেন তাঁদের মধ্যে সবার আগে আসে ভাষা শহীদ সালামের নাম। ভবিষ্যতে যেন আমরা এমন কথা বলতে না পারি তাই আসুন জেনে নিই ভাষা শহীদ আবদুস সালাম সম্পর্কে কিছু তথ্য। ভাষা শহীদ আবদুস সালাম (১৯২৫-১৯৫২) ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার লক্ষণপুর(বর্তমানে সালামনগর) গ্রামে ১৯২৫ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ  ফাজিল মিয়া এবং মাতার নাম দৌলতের নেছা। তিনি স্থানীয় মাতুভূঁইয়া করিম উল্ল্যাহ হাই স্কুলে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর চাকরির সন্ধানে ঢাকায় আসেন। পূর্ব পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগে পিয়ন হিসাবে চাকরি পান। ঢাকায় ৩৬বি, নীলক্ষেত ব্যারাকে তিনি বসবাস করতেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে আবদুস সালাম ছিলেন সবার বড়। বর্তমানে জীবিত আছেন শহীদ সালামের এক ছোটভাই আবদুল করিম ও বোন বলকিয়তের নেছা। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে বাহান্নের ভাষা আন্দোলনে তরুণ সালামের হৃদয়েও আন্দোলনের ডাক ছুঁয়ে যায়। ২১শে ফেব্রুয়ারী ১৯৫২ ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় সরকার কর্তৃক জারিকৃত ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র-জনতা বাংলা ভাষার দাবীতে যে মিছিল করে আবদুস সালাম সে  বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে সালামও ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে পড়লে মিছিলে পুলিশ নির্বাচারে গুলি চালায়। বিকেল সাড়ে তিনটায় পুলিশের  বেপরোয়া গোলাগুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ  গুলিবিদ্ধ হন অনেকে। গুরতর আহত অবস্থায় আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সালামের মেসের কাজের বুয়ার ছেলে তেজগাঁও নাবিস্কোতে কর্মরত সালামের ভাতিজা মকবুল আহম্মদ ধনা মিয়াকে জানান তার চাচা সালাম গুলিবিদ্ধ হয়েছেন। মকবুল  ছুটে যান সালামের আরেক জেঠাতো ভাই হাবিব উল্যাহর কাছে। তারা দু'জনে মিলে দুপুর  ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখেন, পেটে গুলিবিদ্ধ হয়ে সালাম সংজ্ঞাহীন অবস্থায় মেডিক্যালের বারান্দায় পড়ে আছেন। তারা ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেলিগ্রামে সালামের বাবা ফাজিল মিয়াকে সালামের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি জানান। ফাজিল মিয়া তার অন্য এক ছেলেকে নিয়ে ঢাকা মেডিক্যালে ছুটে আসেন। পর দিন সকাল ৯টার দিকে বেশ কিছু ছাত্র সালামের যথাযত চিকিৎসা না করার অভিযোগে হাসপাতালে বেশ  কিছুক্ষণ হট্টগোল করেন। বাবার উপস্থিতিতে হাসপাতালেই ২৫ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় আবদুস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২৬ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে সালামের লাশ ঢাকার আজিমপুর গোরস্থানে নেওয়া হয়।  সেখানে সালামের বাবা ফাজিল মিয়া, ভাতিজা মকবুল, জেঠাতো ভাই হাবিব সহ শত শত  ছাত্র-জনতার উপস্থিতিতে সালামের জানাজা শেষে দাফন করা হয়। ২০০০ সালে বাংলাদেশ  সরকার ভাষা শহীদ আবদুস সালামকে মরণোত্তর একুশে পদক প্রদান করেন। এই সালাম আমাদের দাগনভূঁইয়াবাসী তথা গোটা ফেনীবাসীর গর্ব।

মোঃ সাইফ উদ্দিন শাহীন
ফেনী সরকারী কলেজ
দ্বাদশ শ্রেণী