ফেনী থেকে মোটর সাইকেল চোর চক্রের প্রধান সহ ৬ জন গ্রেফতার
গত শনিবার(২২/০১/২০১১) ছাগলনাইয়া থানার পুলিশ ফেনী শহরে অভিযান চালিয়ে ফেনী জেলার মোটর সাইকেল চোর চক্রের প্রধান আবুল বশর(৩০) ও তার ৫ জন সহযোগীকে গ্রেফতার করেছে। জানা যায়, উপজেলার মনুরহাট ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স অফিসের ইনচার্জ আকবর হোসেনের বাসার গেটের তালা কেটে তার ব্যবহৃত মোটর সাইকেলটি গত ১৪ জানুয়ারী চুরি হয়। চোর দলের সদস্য এনামুল হক রুবেল মোবাইল ফোনে গাড়ী ফেরত দেয়ার জন্য আকবরের নিকট ৫০হাজার টাকা দাবী করে। শনিবার ফেনী শহরের একাডেমী সড়কের ফারুক হোটেলের সামনে থেকে দাবীকৃত টাকা নিতে আসলে পুলিশ চোর চক্রের প্রধান ফেনী সদর থানার পূর্ব বিজয় সিংহ গ্রামের আবদুস সালামের পুত্র মোঃ আবুল বশর (৩০), তার সহযোগী ছাগলনাইয়া থানার পশ্চিম দেবপুর গ্রামের ওবায়দুল হকের পুত্র মোঃ এনামুল হক রুবেল (২২), ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের পাটোয়ারী বাড়ীর তাজুল ইসলামের পুত্র মোঃ নুর ইসলাম পারভেজ(২০), ফেনী থানার পশ্চিম মধুপুর গ্রামের আবদুস সালামের পুত্র সজিবুল হাছান মুছা (৩০), একই গ্রামের রুহুল আমিনের পুত্র জয়নাল আবেদীন (২৮) ও পূর্ব বিজয় সিংহ গ্রামের সুন্সী বাড়ীর আবুল কাশেমের পুত্র আবদুল কাদের শিপনকে (২৫) আটক করে। আটককৃত রুবেল জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল চুরির ঘটনা স্বীকার করে পুলিশকে জানায়, দীর্ঘদিন যাবৎ পুরো ফেনী জেলা থেকে তাদের দলের অর্ধশতাধিক সদস্য নিয়মিত মোটর সাইকেল চুরি করে আসছে। চোরাই মোটর সাইকেল প্রথমে বারাহীপুর বনানী পাড়ার ভূঁইয়া ভবনে আবদুস সালামের পুত্র এমদাদের নিকট তার বাসায় জমা রাখা হয়। পরে দলের প্রধান বশর নোয়াখালী, চৌমুহনী ও হাতিয়ায় নিয়ে মোটর সাইকেল বিক্রি করে। স্থানীয় সহযোগী চোরকে প্রতিটি মোটর সাইকেল চুরির জন্য ৫হাজার টাকা দেয়া হয়।
Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি

