ফেনী জেলার দাগনভূঞা পৌরসভার নির্বাচন আজ ২৭ জানুয়ারী। হাই কোর্টের
স্থগিতাদেশের কারণে ১৮ জানুয়ারীর বন্ধ হওয়া নির্বাচন পুনঃতপছিল করেছে
নির্বাচন কমিশন। এই পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র ঝুকিপূর্ণ
বলে তালিকাভুক্ত করা হয়েছে। শীতের তীব্রতাকে উপেক্ষা করে প্রার্থীরা
ভোটারদের বাড়ী বাড়ী ঘুরে নিজের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এই পৌরসভার
প্রার্থী ও ভোটাররা প্রায় সকলেই শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কিত
রয়েছেন। বহিরাগতদের হস্তক্ষেপে নির্বাচনের ফলাফল পাল্টে যেতে পারে এমন
আশঙ্কা প্রভাবশালী মেয়র প্রার্থীদের।
বিরোধী দলীয় মেয়র প্রার্থীরা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ
করতে পারবে কিনা এই নিয়ে শঙ্কিত রয়েছেন। কারণ অতিসম্প্রতি ফেনীর তিনটি
পৌরসভার নির্বাচনে অপ্রীতিকর ঘটনায় তাদের শঙ্কাকে আরো ঘনিভূত করেছে।মেয়র
পদে আওয়ামীলীগ ও বিএনপি’র মনোনীত দুই প্রার্থী ছাড়াও দুই দলেরই দুইজন
বিদ্রোহী প্রার্থী রয়েছে।
ফেনী-মাইজদী সড়কের মধ্যবর্তী স্থানে দাগনভূঞা উপজেলা সদরের দাগনভূঞা
পৌরসভায় ২য় বারের মত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯টি ওয়ার্ড নিয়ে পাড়া
গাঁয়ের এ পৌরসভার যাত্রা শুরু হয় ২০০১ সালে। ১ জন মেয়র,৯ জন সাধারন
কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত করবেন পৌরসভার ১৬৯১৯
জন ভোটার। মেয়র পদে প্রধান দু’দলের দুই প্রার্থী ছাড়াও রয়েছে দুই বিদ্রোহী
প্রার্থী। এ পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারন কাউন্সিলর পদে ৫৮ জন ও সংরক্ষিত
আসনে মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। গ্যাস,
পানি, বিদ্যুৎ, রাস্তাঘাটের অভাবে সমস্যায় জর্জরিত পৌরসভার বাসিন্দারা। পৌর
টেক্স পরিশোধ করেও ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে বলে অভিযোগ
করেছেন পৌর বাসিন্দারা।
পৌরসভার সামনে ১শ গজের মধ্যে ফেনী-মাইজদী সড়কের পাশেই ময়লাস্তুপ (আউট
ফল)-এবং বস্তি গড়ে উঠেছে। ময়লাস্তুপের গন্ধে আশপাশের পরিবেশ যেমন দূষিত
হয়েছে,ভোগান্তি বেড়েছে পথযাত্রীদের। দাগনভূঞা পৌরসভার নির্বাচনে
শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের পছন্দীয় প্রার্থীকে নির্বাচিত করতে পারবে
এবং যারা পৌরবাসীর নাগরিক সুবিধা প্রদান করে সুখে-দুঃখে পৌরবাসীর পাশে
থাকবে এমন পৌর পরিষদ প্রত্যাশা করছে ফেনীর দাগনভূঞা পৌরসভার সাধারণ
ভোটাররা।

