(০৭ মার্চ ২০১২) ফেনীর প্রবীন রাজনীতিবিদ ও সমাজসেবক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদ ও ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান কোব্বাদ আহাম্মদ (৭৫) গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ভারতের নয়াদিল্লীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।. গতকাল তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। কোব্বাদ আহাম্মদ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। দুপুরে মৃত্যুর খবর শুনে শহরের এসএসকে সড়কস্থ তাঁর বাসভবনে ছুটে যান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে কোব্বাদ আহমদের মৃত্যুতে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। কোব্বাদ আহম্মদের প্রতিষ্ঠিত চাড়িপুর উচ্চ বিদ্যালয়ে ৩দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে। স্কুলের প্রধান শিক্ষক জহির উদ্দীন জানান, আজ থেকে শুক্রবার পর্যন্ত শোক কর্মসূচী চলবে।

