ফেনী নদীতে ভারতকে প্ল্যান্ট নির্মাণে সম্মতি দিয়েছে বাংলাদেশ

(০৯ মার্চ ২০১২) বাংলাদেশের রামগড় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুমের আনন্দপাড়া দিয়ে প্রবাহিত ফেনী নদীতে ভারতের পানি পরিশোধন প্ল্যান্ট নির্মাণে সম্মতি দিয়েছে বাংলাদেশ।
গত সোমবার দুই দেশের যৌথ সমীক্ষা শেষে নদীর বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী অংশের বদলে ভারতের অংশে প্ল্যান্ট নির্মাণের সম্মতি দেওয়া হয়।
ভারতের বাংলা দৈনিক সকালের খবর-এর ত্রিপুরা সংস্করণে গত মঙ্গলবার এ খবর প্রকাশিত হয়।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী ইসমাইল হোসেন গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালে যৌথ নদী কমিশন এই প্ল্যান্ট নির্মাণের ব্যাপারে একমত হয়। ভারত নদীর মধ্যবর্তী স্থানে প্ল্যান্ট নির্মাণ করতে চেয়েছিল। তারা বড় আকারের পাম্প বসাতে চেয়েছিল। আমরা তাতে সম্মতি দিইনি। এখন ভারতীয় অংশে প্ল্যান্ট বসানো হচ্ছে। পাম্পও ছোট হবে। তাই সম্মতি দেওয়া হবে।’
এ কারণে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে কি না—জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, ‘বর্ষায় পানিপ্রবাহে হেরফের হবে না। চুক্তির অতিরিক্ত পানি যাতে তোলা না হয়, এ জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তদারকি করবে।’
ভারতের পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এই প্ল্যান্ট থেকে প্রতিদিন ১ দশমিক ৮২ কিউসেক পরিশোধিত পানি পাওয়া সম্ভব, যা সাব্রুম নগরবাসীর চাহিদার চেয়ে অনেক বেশি। প্ল্যান্ট নির্মাণের পুরো অর্থ ব্যয় করবে ভারত। পরিশোধিত পানিও ব্যবহার করবে তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, গত সোমবার সকালে বাংলাদেশের চট্টগ্রাম পাউবোর প্রধান প্রকৌশলী ইসমাইল হোসেনের নেতৃত্বে সাতজনের এক প্রতিনিধিদল আনন্দপাড়ায় পৌঁছে। তারা ত্রিপুরার ডিডব্লিউএস দপ্তরের প্রধান প্রকৌশলী তপন লোধের নেতৃত্বে সাতজনের একটি দলসহ ফেনী নদীর ওপর ওই প্ল্যান্টের বিষয়ে যৌথ সমীক্ষা চালায়।