(১০ ফেব্রুয়ারী ২০১২) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ছাগলনাইয়ার পৌরসভার উত্তর মোটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পৌরসভার উত্তর মোটুয়া গ্রামের মৃত সোলেমানের ছেলে ওবায়দুল হক (৬০), ওবায়দুলহকের ছেলে মানিক (১৮), ছায়েদুল হক (২২), একরাম (২৮) একই এলাকার ছন্দু মিয়ার ছেলে মফিজুর রহমান (৫২) ,আবদুল লতিফের ছেলে রবিউল হক সুমন ও সাইফুল ইসলাম। অপর তিন জনের পরিচয় পাওয়া যায়নি।
গুরুতর আহত একরামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছাগলনাইয়া পরিবহন স্টেশনের চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সহ প্রচার সম্পাদক রবিউল হক সুমন ও স্থানীয় ছাত্রলীগ নেতা ছায়েদুল হক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরপর দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল আবছার বলেন ,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’
