(০৪ ফেব্রুয়ারী ২০১২) ফেনীর ফুলগাজীতে তাসলিমা আক্তার (২৪) নামে এক গৃহবধুকে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার স্বামী একরামুল হকও (৪২) অগ্নিদগ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী ও শাশুড়ীকে গ্রেপ্তার করেছে।
অগ্নিদগ্ধ স্ত্রী ও স্বামীকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়,ফেনীর ফুলগাজী উপজেলার গোসাইপুর গ্রামের ছেরাজুল হকের ছেলে একরামুল হকের সাথে দুই বছর আগে একই এলাকার পশ্চিম ঘনিয়ামোড়া গ্রামের কাজী আলী আকবরের মেয়ে তাসলিমা আক্তারের বিয়ে হয়। বর্তমানে তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এসব কারনে তসলিমাকে তার স্বামী একাধিকবার মারধরও করেন।
বুধবার রাতেও তারা স্বামী-স্ত্রী দীর্ঘ সময় ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী একরামুল হক তার স্ত্রী তাসলিমা আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। এতে তার পরনের কাপড়সহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। আগুন নিভানোর চেষ্ঠা করার সময় তার স্বামীর শরীরও বিভিন্ন স্থানে ঝলসে যায়। রাতেই তাদেরকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফুলগাজী থানা হাজতে তাসলিমার শাশুড়ী নুরজাহান বেগম বলেন,তার পুত্রবধু ঝগড়ার এক পর্যায়ে রাগ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। তার স্ত্রীর গায়ের অগুন নিবাতে গিয়ে নিজের শরীরের বেশ কিছু স্থান আগুনে ঝলসে যায়। স্বামী-স্ত্রী দুই জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার গৃহবধু তাসলিমার বাবা কাজী আলী আকবর বাদী হয়ে স্বামী একরামুল হক ও তার মা নুর জাহান বেগমকে আসামী করে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহি উদ্দিন জানন,অগ্নিদগ্ধের ঘটনায় স্বামী ও শাশুড়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
