ফেনীতে মুক্তিযোদ্ধাদের সমবায় বাজার উদ্বোধন

(১৭ জানুয়ারী ২০১২) ফেনীতে মুক্তিযোদ্ধা সমন্বয় কল্যাণ ও পুর্নবাসন সমবায় সমিতির উদ্যোগে গতকাল সোমবার শহরের পৌর ভবন সংলগ্ন সমবায় বাজার এর উদ্বোধন হয়েছে। মিলাদ, দোয়া ও ফিতা কাটার মধ্য দিয়ে সমবায় বাজার এর শুভ উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদ এর প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র মোসলেহ উদ্দিন হাজারী বাদল, জেলা সমবায় কর্মকর্তা মোঃ আলী রেজা। সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান। প্রধান অতিথির বক্তব্যে আজিজ আহম্মদ চৌধুরী বলেন, সমবায় বাজার একটি ব্যতিক্রমী ও নতুন উদ্যোগ। নিঃসন্দেহে এ উদ্যোগ প্রশংসনীয়। তবে এ উদ্যোগকে ফলপ্রসু করতে মুক্তিযোদ্ধা সহ সমবায় কর্মকর্তাদের আন্তরিক হতে হবে। এতেই অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের আর্থিক দৈন্যতার লাঘবে এবং মানুষ সহজেই স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবে।