(২০ জানুয়ারী ২০১২) ফেনীর উন্নয়নে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার দৃপ্ত অঙ্গিকার ঘোষনার মধ্যদিয়ে গতকাল বুধবার রাতে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শহরের ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আনন্দমুখর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। সমিতির সভাপতি জিয়া উদ্দিন মিষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শহর ব্যবসায়ী সমিতি নির্বাচনের আপিল বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, ফেনী চেম্বারের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রবিক কাজমী,দৈনিক ফেনীর সময় সম্পাদক ও শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন বোর্ড সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা,শহর ব্যবসায়ী সমিতির নেতা আমির হোসেন চৌধুরী মোজাম্মেল। ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আলাল উদ্দিন আলালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ফারুক হারুন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ব্যবসা কেবল বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন নয়, সততার মাধ্যমে যারা ব্যবসা করে সেবা করারও উত্তম সুযোগ রয়েছে। তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশে ঈদ, পূজা-পার্বন, বড়দিন সহ বিভিন্ন উৎসবে ব্যবসায়ীরা কম লাভ করে সেবা দিতে নিবেদিত থাকে। অথচ আমাদের দেশে এর ব্যতিক্রম দেখা যায়। তিনি ফেনীতে ব্যবসা- বাণিজ্য প্রসার ও শিল্পায়নের সম্ভাবনার উল্লেখ করে বলেন বিগত তিন বছরে আমি ফেনীতে থেকে দেখেছি এই শহর ক্রমেই নগরায়নের দিকে ধাবমান হচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ সুপার পরিতোষ ঘোষ তার বক্তব্যে শহরের জানজট নিরসন ও ফুটপাত হকার মুক্ত রাখতে ব্যবাসীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি শহরে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ট্রাক প্রবেশ বন্ধ রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। এছাড়া শহরের যত্রতত্র মালামাল লোড-আনলোড না করা, দোকানের সামনে মালামাল না রাখা ও হকার না বসাতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন পুলিশ অভিযানে নামার আগে আপনারা নিজ নিজ দায়িত্বপালন করবেন। পৌর মেয়র নিজাম হাজারী তার বক্তব্যে বলেন, মানুষের অকল্যাণের দলবাজী বন্ধ করতে হবে। আমরা সেই দলবাজী চাই যা মানুষের কল্যাণে আসে। তিনি বলেন অতীতে সন্ত্রাসী জেলা হিসাবে পরিচিত ফেনী এখন সহাবস্থানের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। অতীতে যারা নেতৃত্বে ছিল তাদের নেতৃত্ব টিকিয়ে রাখতে সন্ত্রাস সহিংসতা করেছে। তিনি বলেন যে রাজনীতি মানুষের নিরাপত্তা দিতে পারে না, সম্মান দিতে পারে না সেই রাজনীতির প্রয়োজন নাই। তিনি বলেন আগামীতে যারাই ফেনী থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী হবেন আমরা সবাই মিলেমিশে তাদের কাছ থেকে জেলার উন্নয়নে দাবী আদায় করে নেবো। তিনি তার দায়িত্বভার গ্রহনের এক বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের খন্ড চিত্র তুলে ধরে বলেন ইতিমধ্যে দুইটি প্রকল্প থেকে পৌরসভার জন্য প্রায় দেড়শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া শহরের সুন্দর্য বন্দনেও তিনি ব্যপক প্রকল্প হাতে নিয়েছেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সমিতির বিগত সময়ের কর্মকান্ড তুলে ধরে বলেন ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থ রক্ষা, সৌহাদ্দপূর্ণ সম্পর্ক, শহরে সন্ত্রাস চাঁদাবাজী নিয়ন্ত্রন তথা ফেনীর উন্নয়নে সমিতি গৌরব উজ্জল ভূমিকা রেখে চলেছে। সাধারণ সম্পাদক সমিতির স্থায়ী ভবণের জন্য জেলা প্রশাসকের নিকট এক খন্ড ভূমি বরাদ্দ দেয়ার দাবী জানান। ব্যবসায়ী আবদুর রকিব কাজমী সমিতির ভবণ নির্মানে দশ লাখ টাকা অনুদান ঘোষনা করেন। অনুষ্ঠানের অপরাপর বক্তারাও সমিতির বিগত দিনের কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন। শেষে নৈশ ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অভিষেক উপলক্ষে ‘বিবর্তন’ নামে ৬০ পৃষ্টার একটি বর্ণিল স্মরণিকা প্রকাশিত হয়। সমিতির যুগ্ম সম্পাদক আলাল উদ্দিন আলালের সম্পাদনায় প্রকাশিত স্মরণিকার সম্পাদনা পরিষদে আরো রয়েছেন আবুল কালাম আজাদ সেলিম, গোলাম ফারুক বাচ্চু, অমল কান্তি বিশ্বাস ও পরিমল চন্দ্র বণিক।
