(১৫ জানুয়ারী ২০১২) ফেনীতে ভারতীয় হোয়াইট ম্যাজিক টেঙ্গো, ইম্পিরিয়াল ও হোয়াইট ম্যাজিক নামে মাদকদ্রব্য এবং ১টি প্রাইভেটকারসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে মহিপাল হাইওয়ে থানা পুলিশ।
রোববার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দেবীপুর বিসিক এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
আটক আনোয়ার হোসেনের বাড়ি ফেনী সদর উপজেলার সুলতানপুর এলাকায়।
ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করিম জানান, ভোর ৫টার দিকে দেবীপুর বিসিক এলাকায় মহিপাল হাইওয়ে পুলিশের একটি টহলদলের সন্দেহ হলে তারা প্রাইভেটকারটি (নম্বর- ঢাকা মেট্রো ক-০৩-৩৩৮৩) থামাতে বলে। এ সময় গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় এসব মাদক পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা পাচারকারী আনোয়ার হোসেনকে গাড়িসহ আটক করা হয়।
মাদকগুলো বিক্রির জন্য নোয়াখালীর বসুরহাট মেলায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন আটক আনোয়ার।
