(১২ জানুয়ারী ২০১২) একটি অস্ত্র মামলায় আওয়ামী লীগ নেতা ও ফেনী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে নিম্ন আদালতের দেয়া দণ্ড বাতিল করেছে হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার দুপুরে বিভাগের একটি যুগ্ম বেঞ্চ দণ্ড বাতিলের এ আদেশ দেয়। একইসঙ্গে মামলাটিও বাতিল করা হয়েছে।২০০১ সালে হাজারীর কার্যালয় থেকে বুলেট উদ্ধারের অভিযোগ এনে মামলা করে পুলিশ। অস্ত্র আইনে মামলা হয় তার বিরুদ্ধে। মামলাটি পরে দ্রুত বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল হাজারীকে অবৈধভাবে বুলেট রাখার অপরাধে অপরাধী সাব্যস্ত করে সাত বছর সশ্রম কারাদণ্ড দেয়।
বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারক মো.রেজাউল হক ও মো.আবু জাফর সিদ্দিকীর যুগ্ম বেঞ্চ ওই দণ্ডের রায় বাতিল করে আদেশ দেন ।
জয়নাল হাজারীর আইনজীবী অ্যাডভোকেট এম সাইফুল আলম সাংবাদিকদের বলেন, ‘‘ফেনী পৌর এলাকার লাভ মার্কেটে হাজারীর রাজনৈতিক কার্যালয় থেকে সাতটি বুলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফেনী থানার এসআই বিপুল বড়ুয়া ২০০১ সালের আট আগস্ট অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ২০০৩ সালে এ মামলায় চট্টগ্রাম দ্রম্নত বিচার আদালত জয়নাল হাজারীকে সাত বছর সশ্রম কারাদন্ড দেন।’’
সাইফুল জানান, ‘‘হাজারী আদালতে হাজির হয়ে ওই দণ্ড বাতিলের আবেদন জানালে আদালত রুল জারি করেন এবং তারা সাজা দণ্ড স্থগিত করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগ তার বিরুদ্ধে করা মামলা ও দণ্ড বাতিল করেন।’’
এ মামলায় খালাস পাওয়ার পরও হাজারীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা আছে বলে জানান এম সাইফুল আলম।
