ফেনী শহরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ফের শুরু

(১২ জানুয়ারী ২০১২) ফেনী শহরের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা অস্থায়ী দোকান উচ্ছেদে পুলিশ ফের ষাঁড়াশি অভিযান চালাবে। আজ বৃহস্পতিবার থেকে এ অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ। তিনি গতকাল বুধবার বিকালে ফেনী মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পুলিশ সুপার যানজট নিরসনে শহরের প্রধান প্রধান সড়কের যত্রতত্র গড়ে উঠা রিক্শা ও সিএনজি অটোরিক্শা স্ট্যান্ড উচ্ছেদ করারও ঘোষণা দেন। এছাড়া সড়কের দুইপাশে যেকোন ধরণের গাড়ী পার্কিং ঠেকাতেও পুলিশ কঠোর ভূমিকা নেবে বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, এখন থেকে রাস্তা দিয়ে নয়, ফুটপাত দিয়েই পথচারী চলাচল করবে। পুলিশ সুপার ক্লাস চলাকালীন সময়ে ইউনিফর্ম পরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পার্ক-রেস্টুরেন্ট কিংবা অন্য কোথাও বসে আড্ডা দিলে তাদের পাকড়াও করা হবে বলে জানান। তিনি শহরের বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের কথা উল্লেখ করে বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। বক্তব্য রাখেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ সাইফুর রহমান সাইফু, ফেনী প্রেস ক্লাব সভাপতি ও সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদার, দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ফেনীর খবর সম্পাদক রবিউল হক রবি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান আজহারুল হক আরজু, পাঁছগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শর্শদী ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, পৌর কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া বেলাল, আরিফুল আলম সুমন, মহিলা কাউন্সিলর জয়নাব বানু, মোটবী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।