(১২ জানুয়ারী ২০১২) ফেনী সদরের ফাজিলপুরে মঙ্গলবার রাতে আসামি ধরতে যাওয়ার সময় স্থানীয় যুবদলের হামলায় ৪ পুলিশ সদস্য আহতের ঘটনায় ৬ যুবদল নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
হামলায় পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, হুমায়ুন কবির ও মমতাজ উদ্দিন আহত হয়। তাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ওপর হামলার দায়ে পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে এ মামলা দায়ের করেন।
মামলায় ফাজিলপুর ইউনিয়ন যুবদল নেতা মীর সবুজ, ছরোয়ার, হারুন, ইমাম, সুরুজসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করতে যাওয়ার সময় স্থানীয় রেলস্টেশন এলাকায় মীর সবুজ, ছরোয়ার, হারুন, ইমাম, সুরুজের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
