(৮ জানুয়ারী ২০১২) ক্ষমতা যাওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুর্নীতির শ্বেতপত্র বের করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চট্টগ্রাম অভিমুখী রোডমার্চের প্রথম দিন রোববার সন্ধ্যায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একমাত্র জনসভায় বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন।
খালেদা জিয়া বলেন, ‘এ সরকার স্বাধীনতার পরে ক্ষমতায় এসে এমন দুর্নীতি করেছিলো যে দেশে দুর্ভিক্ষ হয়েছিলো। মানুষ না খেয়ে মরেছে। এবার তারা ক্ষমতায় এসে এমন দুর্নীতি করেছে যে মানুষের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর অর্থ তারা খেয়ে ফেলেছে। এ পদ্মা সেতু আর হবে না। তারা দেশে নতুন রাস্তাঘাট নির্মাণ করতে তো পারেই নি, পুরনো রাস্তাঘাটও তারা মেরামত করেনি। রাস্তাঘাটের জন্য বরাদ্দ করা টাকা এমপি-মন্ত্রীরা পকেটে ঢুকিয়েছে।’
‘শেয়ারবাজার কেলেঙ্কারীর মাধ্যমে এক লাখ কোটি টাকা তারা লুটপাট করেছে’ বলে অভিযোগ তুলে বিএনপি প্রধান বলেন, ‘এ টাকা তারা দেশেও রাখেনি। দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আর এ দুর্নীতির কথা বললে বা লিখলে তারা মামলা, রিমান ও নির্যাতন চালাচ্ছে।’
‘এসব করে পার পাওয়া যাবে না’ বলে সতর্ক করে খালেদা জিয়া বলেন, ‘আগামীতে এ দুর্নীতির জন্য শাস্তি দেওয়া হবে। আমরা দুর্নীতির শ্বেতপত্র বের করবো। তারা ২১ বছর পর জনগণের কাছে কান্নাকাটি করে ক্ষমতায় এসেছিলো। এবার গেলে আগামী ৪১ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।’
সরকারকে ধোকাবাজ, মিথ্যাবাদী ও ভাওতাবাজ আখ্যা দিয়ে খালেদা জিয়া আরো বলেন,
‘আওয়ামী লীগ ভারতের প্রেমে এতোই অন্ধ যে তারা কানে শোনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না। তাই ফেলানীর লাশ পড়লে কিছু বলতে পারে না। সীমান্তে বাংলাদেশির লাশ পড়লে চুপ করে থাকে। একটা কথাও বলতে পারে না।
আর ভারত এ সুযোগে আমার দেশের মধ্যে ঢুকে তিস্তা নদীর ওপর বাঁধ দিয়ে, তাদের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করে ভাতে ও পানিতে মারতে চায়।’
নির্ধারিত সময়ের ঘণ্টা চারেক পর ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা মঞ্চে উঠেই সমবেত জনতার কাছে অনাকাঙ্খিত দেরির জন্য ক্ষমা প্রার্থনা করেন বিএনপি চেয়ারপারসন।
বক্তৃতার শুরুতেই তিনি বলেন, ‘ঢাকা থেকে শুরু করে ফেনী পর্যন্ত পুরো মহাসড়কই ছিলো রোডমার্চের দখলে। তাই যানজটে আসতে দেরি হয়ে গেলো। আমি ফেনীর মেয়ে, আপনাদের কাছে এসেছি। আপনারা অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছেন, এজন্য ধন্যবাদ জানাই।’
