ফেনীতে সড়ক অবরোধ প্রত্যাহার: ঢাকা-চট্টগ্রাম রুটে যান চলাচল শুরু

(১৭ জুন ২০১১) ফেনীর ফাজিলপুর থেকে সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

বিকেল ৪টা থেকে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করে রাখার পর প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যা সাড়ে ৭টায় এ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করা হলে তারা অবরোধ তুলে নেন। এরপর থেকে সড়ক ও রেলপথে আবার যান বাহন ও ট্রেন চলাচল শুরু হয়েছে।

এদিকে, ফাজিলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে এবং উপড়ে ফেলা স্লিপার আবার লাগানো হয়েছে।

এর আগে বিকেল ৪টায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ও মৌটুবি ইউপির নির্বাচন স্থগিতের প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক রিপনের সমর্থকেরা ফাজিলপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক এবং রেলপথ অবরোধ করেন।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের স্লিপার উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় মহাসড়কের অবরোধ স্থলের দুইপাশে শত শত গাড়ি আটকা পড়লে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বর্তমানে সড়ক পথে যান চলাচল শুরু হলেও যানজন কমতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।