অভিভূত এরশাদ বললেন ‘এত বড় সমাবেশ জীবনে দেখিনি’

(০৬ মার্চ ২০১২) ফেনীর মহাসমাবেশে লোক সমাগম ও বর্ণাঢ্য অভ্যর্থনায় মুগ্ধ হলেন এরশাদ। যার অনুভূতি প্রকাশ পায় তার বক্তব্যে। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাতীয়পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘এত বড় সমাবেশ জীবনে আর দেখিনি, ফেনীর মানুষ আজ আমাকে যে অভ্যর্থনা দিয়েছে ভালোবাসা দেখিয়েছে তা আমি জীবনেও ভুলব না।’ তিনি বলেন, ‘আবার আসবো আপনাদের কাছে। এখন মানবিক কারণে এসেছি, তখন আসবো ভোট চাইতে।’ পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিও তাদের বক্তব্যে লোক সমাগমের জন্য পার্টির যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিনের নাম উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে গতকাল রাতে এরশাদ শহরের রামপুরস্থ হাজী আলাউদ্দিনের বাস ভবনে যান এবং তাকে ধন্যবাদ জানান।