(০৪ মার্চ ২০১২) জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ কাল সোমবার ঢাকা থেকে ফেনী নদী অভিমুখে লংমার্চ শুরু করবেন। বিকেলে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে এক মহাসমাবেশে তিনি বক্তব্য দেবেন।
ফেনীতে গতকাল শনিবার সুধী সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমেদ ওই মহাসমাবেশ সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ফেনী জেলা কমিটির সভাপতি মোশারফ হোসেন। সঞ্চালক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, যুগ্ম মহাসচিব হাজি আলাউদ্দিন প্রমুখ।
এদিকে এরশাদের লংমার্চ ও মহাসমাবেশকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ফেনী ও আশপাশের জেলাগুলোতে জাতীয় পার্টি বেশ তৎপর হয়ে উঠেছে। রংবেরঙের পোস্টার সাঁটানোর পাশাপাশি ব্যাপক মাইকিং চলছে। পথে পথে নির্মাণ করা হচ্ছে তোরণ। গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
কাজী জাফর আহমেদ বলেন, ফেনী নদীর উৎস খাগড়াছড়ি। এটিতে ভারতের কোনো অধিকার নেই। অথচ ভারত এই নদীতে জোর করে অনেকগুলো শক্তিশালী পাম্প বসিয়ে পানি নিয়ে যাচ্ছে। এতে শুধু ফেনী নয়; চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, খাগড়াছড়ির রামগড়, নোয়াখালী ও কুমিল্লার একাংশ মরুতে পরিণত হবে।
