ফেনীতে সাংবাদিকদের অনশনে কাজী জাফর

(১ মার্চ ২০১২) জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মদ বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কাজ ধীর গতিতে চলছে।’

‘তিনি আরও বলেন, ‘সাংবাদিক দম্পতি হত্যা মামলা নিয়ে জজ্ মিয়া নাটকের পুনরাবৃত্তি করবেননা। কারন সাংবাদিক দম্পতি হত্যাকান্ডের ঘটনাটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।’

‘বর্তমান সরকার ক্ষমতা আসার পূর্বে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিবে বলে ওয়াদা করে ক্ষমতায় এসেছিল কিন্তু বর্তমানে নিরাপত্তা দিতে পারছেনা।’

আহম্মদ বৃহস্পতিবার দুপুর বারটায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করতে গিয়ে কাজী জাফর এসব কথা বলেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সারা দেশে অনশনের অংশ হিসেবে ফেনী প্রেসক্লাব এ অনশনের আয়োজন করে।

ফেনী প্রেসক্লাব সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে অনশনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন ফেনী ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব আলাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।