ফেনী এসএ পরিবহন কাউন্টার থেকে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করেছে পুলিশ

(১৯ ফেব্রুয়ারী ২০১২) ফেনী শহরে এসএসকে রোডস্থ এসএ পরিবহনের ফেনী অফিস থেকে গতকাল শনিবার সকালে ৪৮০ টি ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করেছে পুলিশ। বিয়ারের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে পুলিশ জানায়। এসময় বিয়ার উদ্ধার করতে গিয়ে র‌্যাব ও পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। পুলিশ সূত্রে জানায় যায়, গতকাল ভোরে এসএ পরিবহনে ফেনীতে বিপুল পরিমান বিয়ার আসার গোপন সংবাদ পেয়ে এসআই শেখ কাউসার ও এএসআই আশিকুর রহমান অভিযান চালিয়ে এটলাস-১২ নামের ৪৮০ টি ক্যান বিয়ার উদ্ধার করে। ডায়মন্ড হারবাল প্রোডাক্ট লিমিটেড ১৩৯ জগন্নাথ শাহ রোড লালবাগ ঢাকা থেকে এসএ পরিবহনের কাকরাইল অফিস থেকে এই মোবাইল নাম্বারে (০১৬৭৫-৫১২৫৩৭) ১০ কার্টুন বিয়ার ফেনী এসএ পরিবহনে পাঠানো হয়। ফেনী থেকে রিসিভ করার জন্য জহির (০১৭৬৩-৪৪৮১৪১) ও মামুন (০১৯১৩-৮৪১১৮৩) এই নাম ও মোবাইল নাম্বার ঢাকা থেকে চালান রশিদে উল্লেখ আছে বলে এসএ পরিবহনের ম্যানাজার জানায়। গোপন সূত্রে খবর পেয়ে বিয়ার গুলো নিতে আসলে ওই দুই ব্যক্তিকে আটক করার জন্য এসএ পরিবহন কাউন্টারের আশপাশে একদল পুলিশ পূর্ব থেকে ওৎপেতে থাকে। একই উদ্দেশ্যে ফেনী অস্থায়ী ক্যাম্পের র‌্যাব-৭ এর সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসে। উদ্ধারকৃত বিয়ার নিয়ে র‌্যাব ও পুলিশের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পুলিশের অভিযোগ, র‌্যাব বিয়ার গুলো নিজেদের হেফাজতে নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ফেনী থানার ওসির (তদন্ত) আবদুল কাদের সেকেন্ড অফিসার রাশেদ খান চৌধুরী ও এএসআই আমির হামজাসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এক পর্যায়ে পুলিশের সংখ্যা বাড়তে থাকলে র‌্যাব পিছু হটে। ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার রাশেদ খান জানায়, পুলিশের চোখকে ফাঁকি দেয়ার জন্য আটককৃত বিয়ারের ১০টি কাটুনের মধ্যে ৫টি কাটুনে লিখা ছিল হারবাল কেশ তৈল ও ৫টির গায়ে ছিল হারবাল শ্যাম্পু। এই ঘটনায় মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।