ছাগলনাইয়ায় পুকুর থেকে প্রাকৃতিক গ্যাস উদ্‌গিরণ

(২৪ ফেব্রুয়ারী ২০১২) ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ফেনী নদীর তীরবর্তী আলোকদিয়া গ্রামে পুকুর থেকে অবিরাম প্রাকৃতিক গ্যাস উঠছে। প্রতিদিনই শত শত উৎসুক মানুষ গ্যাস উদ্‌গিরণ দেখতে ভিড় জমাচ্ছেন।
কয়েক দিন আগে ফেনী নদীর অপর পাড়ের চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামে টিউবওয়েল বসানোর সময় গ্যাস নির্গত হতে শুরু করে। সপ্তাহ পার না হতেই তারই পাশে ছাগলনাইয়ায় পুকুর খননের সময় গ্যাস নির্গত হওয়ার ঘটনায় এ এলাকায় গ্যাস পাওয়ার সম্ভাবনা দিন দিন উজ্জ্বল হচ্ছে বলে স্থানীয়রা জানান।
আলোকদিয়া গ্রামের মজিবুল হকের ছেলে নুর আলম, আলি আহাম্মদের ছেলে ইউসুফ, রমাজান আলীর ছেলে মো: মোস্তাফাসহ কয়েকজন জানান, সমপ্রতি একটি পুকুর খননের একপর্যায়ে কয়েকটি স্থান দিয়ে নির্গত পানির সাথে এক ধরনের উৎকট গন্ধ ছড়িয়ে শো শো শব্দে ফেনার মতো কিছু একটা ভেসে উঠতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তারা দিয়াশলাই জ্বালাতেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ৮-১০ ঘণ্টা আগুন জ্বলার পর স্থানীয়রা ওই আগুন নেভাতে মরিয়া হয়ে উঠে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্থানীয় ঘোপাল ইউনিয়ের চেয়ারম্যান আজিজুল হক বলেন, লক্ষণ দেখে মনে হচ্ছে এখানে প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মোমিনুর রশিদ গতকাল জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার বলেন, রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের গ্যাস নির্গত এলাকা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।